দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তের বাংলাদেশ অংশে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গরু চোরাচালানের সময় তাঁদের আটক করার পর গুলি করা হয় বলে অভিযোগ।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
এর আগে রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ভারতীয় নাগরিককে ফেলে যাওয়ার অভিযোগ ওঠে। পরে বাংলাদেশি সহযোগীরা তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পুলিশের হেফাজতে তাঁদের চিকিৎসা চলছে।
গুলিবিদ্ধ দুই ব্যক্তি হলেন আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তাঁরা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা-মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা-মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম আব্দুল মজিদ মণ্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের ছেলে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তাঁদের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।
তবে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক বলেন, সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।
এমএস/